সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১২ ডিসেম্বর, ২০২৪ খৃ. – বাংলাদেশ বিমান বাহিনীর ৮৫তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি-২০২৪ বি এবং এসপিএসএসসি-২০২৪ বি কোর্স এর কমিশন প্রাপ্তি উপলক্ষ্যে রাষ্ট্রপতি কুচকাওয়াজ (শীতকালীন)-২০২৪ আজ যশোরস্থ  বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন। 

অফিসার ক্যাডেট জান্নাতুল ফেরদৌস মোহনা ৮৫তম বাফা কোর্সের প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’, অফিসার ক্যাডেট মো. রহমত উল্লাহ শিশির উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং অফিসার ক্যাডেট মো. ফাহিম মোর্শেদ রাতুল জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস্ ট্রফি’ লাভ করেন। 

এছাড়াও ৮৫তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ) এ সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মো. ফাহিম মোর্শেদ রাতুল ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। 
উল্লেখ্য, এই শীতকালীন সেমিস্টারে বীর উত্তম বদরুল আলম স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করে।  

অনুষ্ঠানের প্রধান অতিথি বিমান বাহিনী প্রধান বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সাথে দুঃসাহসিক আকাশ যুদ্ধ পরিচালনাকারী কিলো ফ্লাইটের সদস্যদের স্মরণ করেন, যাদের দৃপ্ত প্রত্যয়ে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছে। 

তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, বিভিন্ন জটিল সমস্যা মোকাবেলা করে আমরা আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের গতি সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। দেশের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ বিমান বাহিনী তথা সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। 

বিমান বাহিনী প্রধান বলেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বিমান বাহিনীর দেশপ্রেমিক সদস্যরা দেশের আপামর জনগণের স্বার্থে যে সহায়ক ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয়। বিশেষ করে গত আগস্ট-সেপ্টেম্বর মাসে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ বিমান বাহিনীর অকুতোভয় বিমানসেনারা যেভাবে পেশাদারিত্ব ও মানবিকতার সাথে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে তা নির্ভেজাল দেশপ্রেমের বহিঃপ্রকাশ। 

তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছে; বাহিনীতে সংযোজিত হচ্ছে নতুন নতুন সব সর্বাধুনিক বিমান, র‌্যাডার, সিমুলেটর এবং সরঞ্জামাদি। 

এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেন, বিশ্ব শান্তিরক্ষাসহ দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, দুর্যোগ মোকাবেলা এবং অন্যান্য দেশে মানবিক সাহায্য প্রেরণ বাংলাদেশ বিমান বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় বহন করে। 

তিনি বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণকে বিশ্বমানের বলে অভিহিত করেন, যার কারণে বিশ্বের বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের অফিসার ক্যাডেটরা এ একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণ করছে। তিনি সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানান।

এ কুচকাওয়াজের মাধ্যমে ১২ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৭৪ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার আসিফ মাহমুদ আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন। কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন প্রকার বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকর্ষণীয় এ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকশ প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সামরিক ও অসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM