জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ভোক্তাদের অধিকার আদায়ে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে ক্যাব। গতকাল রোববার রংপুর নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে দিনব্যাপী বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ক্যাবের কাজ শুধু বাজার মনিটরিং নয়। নাগরিক অধিকার বিষয়ে কাজ করতে হবে। যেমন, ওষুধের ফার্মেসিগুলোতে সচেতনতা বাড়াতে হবে। যাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নিম্নমানের ওষুধ, দাম বেশি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রয় না করে। এছাড়াও সার সিন্ডিকেট,পরিবহন সিন্ডিকেট,ভেজাল বীজ বিষয়েও সচেতনতা বাড়াতে ক্যাব সদস্যরা ভূমিকা পালন করবে। তাছাড়াও বাজারে ভোজ্যতেল যাতে খোলা ড্রামে বিক্রয় না হয়। সেক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে ভোক্তা অধিদপ্তর, বিএসটিআই, কৃষি বিভাগ, ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। তাদের পাশাপাশি থেকে ক্যাবকেও এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, ২৪ এর গণঅভুত্থানে আবু সাঈদের আত্মত্যাগের রংপুর নানা রকমের সমস্যা রয়েছে। এখানে রংপুর মেডিকেল চিকিৎসা হয় না, এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানে ভালোভাবে পড়ালেখা হয় না। এখানে আলু নিয়ে সমস্যা রয়েছে। কৃষির নানা রকমের সমস্যা রয়েছে। রংপুরে ডিলাশীপের ঝামেলা রয়েছে। ডিলাশীপে লাভের জন্য অনেকের আগ্রহ বেশি। রংপুরের মানুষ কৃষি পণ্যের সঠিক মুল্য পায় না। এখানে পথে পথে পরিবহনে চাঁদাবাজি হয়। তাই শুধু ক্যাবের পরিচয় দিয়ে ডিসির সাথে মিটিং করেই ঢেকুর তোলা যাবে না। আমাদের অনেক কাজ করতে হবে। এগুলো রুখতে ক্যাবকে কাজ করতে হবে। আবু সাঈদের রংপুরের পরিবর্তন করতে হবে। আগের মতো করে চললে হবে না।
তিনি আরো বলেন, আমি সরকারে ছিলাম। অনেক বাধ্যবাধকতা ছিলো। এখন আর কোন বাধা নেই। আমি এখন ক্যাবের মাধ্যমে মানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই। তিনি জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনের সময় ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিবে। অধিক মুনাফার লোভে এটা করবে তারা। সেই বিষয়টিও মনিটরিং করতে হবে। রংপুরে অনেক ভেজাল ঔষধ বিক্রি হয়। সেই বিষয়টি ক্যাব ও জেলা প্রশাসনকে দেখার কথাও বলেন তিনি।
দিনব্যাপী প্রশিক্ষণে রংপুর জেলা ক্যাব কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।
এসময় বক্তব্য রাখেন ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মমতাজ বেগম, রংপুর জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন, রংপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রাজু, মহানগর ক্যাবের সভাপতি দিলীপ কুমার, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিঠু, জেলার সহসভাপতি জসিম উদ্দিনসহ ক্যাবের অন্যান্যে নেতৃবৃন্দ। বেসরকারি সংস্থা GAIN এর ফুড ফর্টিফিকেশন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণে খাদ্যের গুণগত মান নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন GAIN এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আবুল বাশার চৌধুরী।
কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে বিভাগীয় খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক প্রশিক্ষণে রংপুর বিভাগের ৮টি জেলা কমিটির সভাপতি, সম্পাদকসহ কমিটির সদস্যগণ অংশ নেয়। এ প্রশিক্ষণে সরকারের অন্যান্য দফতরের কর্মকর্তার অংশ নেন।














