জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহীদুল ইসলাম এনডিসি বলেন, জুলাই আন্দোলন এদেশের সব মানুষের।
এর চেতনা ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে বিভাজন থাকা উচিত নয়। বেশি বিভাজন হলে ফ্যাসিস্টরা জাগ্রত হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের এমপি মাহবুবার রহমান বেলাল, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ,
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, বিএনপি নেতা ও সাবেক এমপি পরিতোষ চক্রবর্তী, রংপুর জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, মহানগর যুবদল নেতা জহির আলম নয়ন, পুলিশ সুপার মোঃ মোজ্জাম্মেল হক, জুলাই যোদ্ধা পলাশ হাসান, রেজাউল আলম এবং আবু সাঈদের ভাই রমজান আলী।
বক্তারা ১৭ বছরের জুলুম-নির্যাতনের প্রতিবাদে যারা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে শহীদ পরিবার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।














