জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জনস্বার্থবিরোধী প্রিপেইড মিটার বাতিল এবং পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবিতে রংপুরে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে শাপলা চত্বর ও জাহাজ কোম্পানি মোড়ে পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শাপলা চত্বরের সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব আহসানুল আরেফিন তিতুর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা মির্জা বাবর বাবুল, আবু ছালেক, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল, সদস্য শাহিদুল ইসলাম সুমন এবং প্রিপেইড মিটারের ভুক্তভোগী কেয়া বেগম, ময়না আক্তার, হাসিবুর রহমান ও সোলায়মান আলী প্রমুখ।
অন্যদিকে, জাহাজ কোম্পানি মোড়ের সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুরের উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার সদস্যসচিব মমিনুল ইসলাম এবং সিপিবি রংপুর মহানগর কমিটির সভাপতি সাজেদুল ইসলাম সাজুসহ অন্যান্যরা। কর্মসূচি চলাকালে সকাল সাড়ে ১১টায় শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত যানবাহন চলাচল স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যায়।
পথচারীরাও বিভিন্ন স্থানে দাঁড়িয়ে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। দোকান মালিক ও ব্যবসায়ীরা দোকান ছেড়ে রাস্তায় এসে কর্মসূচিতে অংশ নেন বলে আয়োজকদের দাবি। সমাবেশে বিদ্যুৎ গ্রাহক ফোরাম রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক মো. দেলোয়ার হোসেন বলেন, জনগণ যে প্রিপেইড মিটার চায় না, আজকের সফল ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচির মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। তিনি অবিলম্বে প্রিপেইড মিটার খুলে নিয়ে পূর্বের ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের দাবি জানান।
সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে প্রতারণামূলকভাবে প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে বলে ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ রয়েছে। তাদের দাবি, বিদ্যুতের ব্যবহার না বাড়লেও প্রিপেইড মিটার স্থাপনের পর দ্বিগুণ-তিনগুণ বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। তিনি এ ত্রুটিপূর্ণ ও জনস্বার্থবিরোধী মিটার অবিলম্বে বাতিলের দাবি জানান।জাহাজ কোম্পানি মোড়ের সমাবেশে কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন বাবলু বলেন, প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করলেই ডিমান্ড চার্জ, মিটার ভাড়া ও সার্ভিস চার্জসহ বিভিন্ন খাতে ২০০ থেকে ৩০০ টাকা কেটে নেওয়া হয় বলে গ্রাহকদের অভিযোগ রয়েছে।
তিনি এ ব্যবস্থাকে অন্যায় উল্লেখ করে অবিলম্বে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান।সমাবেশ থেকে নেতৃবৃন্দ ঘোষণা দেন, অবিলম্বে প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না করা হলে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ ডিজিটাল পোস্টপেইড মিটার পুনঃস্থাপনের হাজার হাজার দরখাস্তসহ নেসকো রংপুর অফিস ঘেরাও কর্মসূচি পালন করা হবে।














