জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের আট উপজেলা তিন লাখ ৬০ হাজার ২৯৫ জন শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ পাস ক্যাম্পেইন কার্যক্রমের জন্য সুপারভাইজার, স্বেচ্ছাসেবী, টিকাদান কেন্দ্র নির্ধারণ করাসহ প্রায় সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে রংপুর জেলা সিভিল সার্জন আয়োজিত প্রেস ব্রিফিং থেকে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে রংপুর জেলা সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর কবির জানান, আগামী রোববার (১৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রসহ হাট-বাজার, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেলওয়ে স্টেশনের অস্থায়ী এবং ভ্রাম্যমাণ কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। এদিন ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সের শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ পাস ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, রোববার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ পাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন আট উপজেলার ১ হাজার ৮৩১টি কেন্দ্রে ৭৬২ জন সুপারভাইজার ও তিন হাজার ৭৮৫ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে তিন লাখ ৬০ হাজার ২৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৫ হাজার ৩৮৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ৪ হাজার ৯০৭ শিশু এই ক্যাপসুল খাবে। এদের মধ্যে ৯২০ জন প্রতিবন্ধী শিশু রয়েছে।
রংপুর পুরাতন সদর হাসপাতালে সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিনসহ অনান্য কর্মকর্তা’রা উপস্থিত ছিলেন।














