জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী স্বাস্থ্যসম্মত ইফতার ও ন্যায্য মূল্যে ভোগ পণ্য বিক্রয় কেন্দ্রের উদ্যোগ নিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স। মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে রংপুর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালের পাশে ন্যায্যমূল্যে ইফতার ও ভোগ্য পণ্য বিক্রয়ের বাজার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে উদ্বোধন কালে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাবিবুল হাসান রুমি, রংপুরে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ক্রাইম) উৎপল কুমার, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি,
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ( বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল, রংপুর জেলা হোটেল ও রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, লায়ন্স ক্লাব অব রংপুরের সাবেক প্রেসিডেন্ট বানিউল আদম বাবু , রংপুর মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, পরিচালকবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ীবৃন্দসহ প্রমুখ। বিক্রয় কেন্দ্রে স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রি করছেন কস্তুরী রেস্তোরাঁ, মেজবান, মহুয়া ব্রেড কনফেকশনারী,
ভোগ্যপণ্য বিক্রয় করছেন আব্দুল্লাহ পোল্ট্রি ফার্ম, হালাল মিট, ও টি কে গ্রুপ। মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী বিক্রয় কার্যক্রমে স্বাস্থ্য সম্মত ও ন্যায্য মূল্যে গরুর মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, মুরগীর মাংস, ডিম, তৈল, ছোলা, সুজি ও ইফতার সামগ্রী বিক্রয় করা হবে। প্রতিদিন বেলা ৩টা হতে সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চলবে।














