স্টাফ রিপোর্টার/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগরীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে উঠেছে। আহত গৃহবধূ নুরেজান্নতুল ফেরদৌস ওরফে মুগ্ধ (২৪) বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা নুরেজান্নতুল ফেরদৌসের সঙ্গে ইয়াছিন আরাফাতের সাথে ২০২২ সালের ২৮ নভেম্বর পারিবারিকভাবে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে বিয়ে হয়।
অভিযোগে বলা হয়, বিয়ের পর স্ত্রীকে শ্বশুরবাড়িতে ২০ লাখ টাকা এবং একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি করেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ইয়াছিন আরাফাত ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন। এরপর ঘরে থাকা একটি সবজি কাটার ছুরি নিয়ে হত্যার উদ্দেশ্যে বুকে আঘাত করার চেষ্টা করলে তিনি সরে গেলে ছুরির আঘাত তার বাম বাহুতে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। তার চিৎকারে খালাতো বোন সুলতানা বেগম সুরভীসহ পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেন। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগী লিখিত এজাহার প্রস্তুত করে খালাতো বোনের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় পাঠান।
এজাহারের সঙ্গে জখমের স্থিরচিত্র, কাবিননামার ফটোকপি এবং বিবাহের অঙ্গীকারনামার অনুলিপি সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ইয়াছিন আরাফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকের কাছে স্ত্রীকে মারধর ও ছুরি দিয়ে আঘাত করার ঘটনার সত্যতা স্বীকার করেন। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ নাজমুল কাদের জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। এছাড়াও আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।














