জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের ১৩ টি মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে থাকা আসামি শাহজাহান মিয়াকে (৬৫) অবশেষে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। দীর্ঘ ৯ বছর ধরে পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি তার। গত ২৮ আগস্ট রবিবার ঢাকার সাভার থানার বিলামানিয়া তেতুলঝড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহজাহান রংপুর নগরীর তাজহাট থানাধীন ধর্মদাস মসজিদপায়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানা পুলিশের ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, শাহজাহানের বিরুদ্ধে ১৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।














