জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
জাতীয় পেনশন কতৃপক্ষ ও রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে সর্বজনীন পেনশন সম্পর্কে সাধারন মানুষদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পেনশন মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি।
মেলার উদ্বোধন শেষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে কর্মশালা অনুষ্ঠনে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। মেলার মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের যুগ্ন সচিব ড. মোঃ ফেরদৌস আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের পুলিশ সুপার মোঃ আশরাফুল্লাহ তাহের, অতিরিক্ত জেলা প্রাশসক (সার্বিক) মোঃ রমিজ আলম। এ সময় রংপুর জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার এক পর্যায়ে সভায় অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, সর্বজনীন পেনশন চাকরিজীবীদের জন্য নয় দিনমজুর, কৃষক, দোকানদারসহ দেশে ও দেশের বাইরে যারা থাকে সকল পেশার মানুষ এতে অংশ নিতে পারবেন।
সচেতনতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না। তাই আমাদের সবার দায়িত্ব জনগণকে সঠিকভাবে জানানো। মেলায় সরকারী-বেসরকারীসহ রংপুর জেলার সকল উপজেলা নিয়ে মোট ৫০টি স্টল রয়েছে। সর্বজনীন পেনশন মেলায় রেজিস্ট্রেশনের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়, যেখানে আগ্রহীরা সরাসরি নিবন্ধন করতে পারেন। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপ্তি হয়।














