সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • যেসব সিদ্ধান্ত নিতে অর্থ বিভাগের অনুমোদন লাগবে

যেসব সিদ্ধান্ত নিতে অর্থ বিভাগের অনুমোদন লাগবে

শিমুল / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণ সংক্রান্ত আদেশ জারি

ঢাকা, এখন থেকে সরকারি চাকরিতে পদ সৃষ্টি, পদ বিলুপ্তকরণ, তিন বছরের বেশি সময়ের জন্য অস্থায়ী পদ সংরক্ষণ, পদের বেতনক্রম, মর্যাদা ও পদবি পরিবর্তন, পদ স্থায়ীকরণ-সংক্রান্ত সব প্রস্তাব অর্থ বিভাগে পাঠাতে হবে। এছাড়া মন্ত্রণালয় বা বিভাগের আওতাধীন সংযুক্ত অধিদফতর, অফিস বা সংস্থার সাংগঠনিক কাঠামোয় যানবাহন, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি অন্তর্ভুক্তকরণ বা সংশোধন এবং যানবাহন ক্রয় ও প্রতিস্থাপনের প্রস্তাবও অর্থ বিভাগের অনুমোদন ছাড়া কার্যকর হবে না। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণ সংক্রান্ত জারি করা এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) অর্থ সচিব ড. মোহাম্মদ খায়েরুজ্জামান মজুমদারের সই করা আদেশে জানা গেছে, নতুন আর্থিক ক্ষমতা অর্পণ ও পুনঃঅর্পণ সংক্রান্ত অফিস স্মারকের সঙ্গে সংযুক্ত এ তালিকায় মোট ২৬টি গুরুত্বপূর্ণ খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

নতুন নির্দেশনা সম্পর্কে অর্থ বিভাগ বলছে, এ তালিকার মাধ্যমে কোন কোন বিষয়ে কেন্দ্রীয় আর্থিক নিয়ন্ত্রণ প্রয়োজনীয়তা স্পষ্ট করা হয়েছে। এতে সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা বাড়বে, অনিয়ন্ত্রিত সিদ্ধান্ত কমবে এবং মন্ত্রণালয় ও দফতরগুলোর মধ্যে আর্থিক শৃঙ্খলা ও সমন্বয় আরও শক্তিশালী হবে।

নতুন আদেশ অনুযায়ী, ওয়ার্কচার্জড ও কন্টিনজেন্ট কর্মচারী সংক্রান্ত সব বিষয়, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ, নীতিমালার আওতায় সেবা ক্রয়ের প্রস্তাব এবং দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োগের প্রস্তাব অর্থ বিভাগে পাঠাতে হবে। বাজেট বরাদ্দের অতিরিক্ত ব্যয়ের প্রস্তাব, অনুমোদিত বাজেটে সুনির্দিষ্ট বরাদ্দ নেই এমন ব্যয় এবং সংযুক্ত তহবিলের ওপর দায়যুক্ত হোক বা না হোক এমন যে কোনও মঞ্জুরি বা পুনঃউপযোজনের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন বাধ্যতামূলক। বিশেষ করে রাজস্ব ব্যয় থেকে মূলধন ব্যয়ে বা মূলধন ব্যয় থেকে রাজস্ব ব্যয়ে পুনঃউপযোজন, বিএসিএস অনুযায়ী বেতন-ভাতা খাত থেকে অন্য অর্থনৈতিক শ্রেণিতে পুনঃউপযোজন— এ দুটি ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নতুন আদেশে সংশ্লিষ্ট অর্থবছরের বাইরে যে কোনও আর্থিক অঙ্গীকার এবং প্রাক-স্বাধীনতাকালের আর্থিক দাবি অর্থ বিভাগের বিবেচনার জন্য পাঠাতে হবে। কঠোর শ্রমসাধ্য বা কৃতিত্বপূর্ণ কাজের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ১৫ হাজার টাকার বেশি সম্মানী অথবা একই অর্থবছরে একাধিকবার সম্মানী প্রদান করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন হবে। এছাড়া বেতন-ভাতা, ভ্রমণ ও বদলি ব্যয়, ভবিষ্যৎ তহবিল, পেনশন ও আনুতোষিক সংক্রান্ত বিধি-বিধানের ব্যাখ্যা এবং বেতন-ভাতাদি সম্পর্কিত চাকরির শর্ত পরিবর্তনের বিষয়ও কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, নন-এনবিআর ট্যাক্স, এনটিআর, ফি, আরোপসহ সরকারি প্রাপ্তির ওপর প্রভাব ফেলে এমন যে কোনও প্রস্তাব অর্থ বিভাগে পাঠাতে হবে। প্রাথমিক নিয়োগে বিধি মোতাবেক বর্ধিত বেতন ছাড়া আগাম বর্ধিত বেতন মঞ্জুর এবং বাজেট বরাদ্দ বহির্ভূত অনুদান মঞ্জুরের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য হবে। স্থায়ী অগ্রিম বা ইমপ্রেস্ট ছাড়া ১৫ লাখ টাকার বেশি অগ্রিম উত্তোলন, ৫ লাখ টাকার বেশি মনোহারি দ্রব্যাদি স্থানীয়ভাবে ক্রয় এবং সভা, কনফারেন্স বা প্রশিক্ষণে নির্ধারিত সীমার অতিরিক্ত আপ্যায়ন ব্যয়ের ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নিতে হবে।

জালিয়াতি বা গাফিলতির কারণে ৫ লাখ টাকার বেশি অনাদেয় ক্ষতি অবলোপন, সরকারি কর্মচারীকে প্রদত্ত অনাদেয় ঋণ বা সুদ অবলোপন অর্থ বিভাগের অনুমোদন ছাড়া করা যাবে না। বিদেশ সফরে কেবিনেট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের ক্ষেত্রে নির্ধারিত ডলারের সীমা অতিক্রম করলে তা অর্থ বিভাগের বিবেচনায় নিতে হবে। 

এক্ষেত্রে যে সব বিষয়ে অনুমোদন দিতে হবে—

১। বিদেশে সরকারিভাবে ভ্রমণকারী কেবিনেট মন্ত্রী কর্তৃক আপ্যায়ন ব্যয় বাবদ ৮০০ মার্কিন ডলার এবং সরবরাহ ও সেবার অধীন অন্যান্য ব্যয় বাবদ ৩০০ মার্কিন ডলারের অধিক ব্যয়।

২। বিদেশে সরকারিভাবে ভ্রমণকালে প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার এবং অনুরূপ পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি কর্তৃক আপ্যায়ন ব্যয় বাবদ ৭০০ মার্কিন ডলারের অধিক ব্যয় এবং সরবরাহ ও সেবার অধীন ব্যয় বাবদ ২৫০ মার্কিন ডলারের অধিক ব্যয়।

৩। প্রতিনিধি দলের প্রধান হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সশস্ত্র বাহিনীর সমপর্যায়, সমতুল্য পদবির কর্মকর্তা কর্তৃক আপ্যায়ন ব্যয় বাবদ ৬০০ মার্কিন ডলার এবং সরবরাহ ও সেবার অধীনে অন্যান্য ব্যয় বাবদ ২০০ মার্কিন ডলারের অধিক ব্যয়।

আর্থিক সংশ্লেষযুক্ত বিষয়াবলি— বিশেষ করে দ্বিপাক্ষিক বা আন্তর্জাতিক চুক্তি, আমদানি-রফতানি নীতি, বিনিয়োগ নীতি, মূল্য ও শ্রমনীতি, বৈদেশিক কর্মসংস্থান নীতি, শুল্কনীতি এবং বিভিন্ন তহবিল নির্ধারণ অর্থ বিভাগের অনুমোদন সাপেক্ষে প্রণীত হবে। এছাড়া ঋণ সংগ্রহ, সরকারি গ্যারান্টি প্রদান, বাজেট বহির্ভূত আর্থিক সংশ্লেষযুক্ত যে কোনও বিষয় এবং থোক বরাদ্দের বিভাজন অনুমোদনের বিষয়ও তালিকাভুক্ত করা হয়েছে।

নতুন আদেশে সরকারি রাজস্ব দাবি পরিত্যাগ বা মওকুফ, বেসরকারি বাড়ি ভাড়ার ক্ষেত্রে নির্ধারিত হারের অতিরিক্ত ভাড়া অনুমোদন, কমিশন বা কমিটির বেসরকারি সদস্য ও বিদেশি বিশেষজ্ঞদের ভাতা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের প্রবিধানমালা প্রণয়ন এবং দর তফসিল অনুমোদনের বিষয়গুলোও অর্থ বিভাগের পূর্বানুমোদনের আওতায় রাখা হয়েছে। 

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM