সর্বশেষ
সর্বশেষ

পর্যায়ক্রমে ৪ কোটি ১০ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ ভাতা কর্মসূচির

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর):

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সরকারের পর্যায়ক্রমে ৪ কোটি ১০ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ ভাতা কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মূল কর্মসূচি বাস্তবায়নের তাগিদে ১২ অক্টোবর ২০২৬ তারিখ হতে দেশব্যাপী একযোগে দেশের সকল এলাকার খানা বা পরিবারের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

আজ জাতীয় সংসদে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড’ খানা (পরিবার) তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচিটি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে সমাজকল্যাণ মন্ত্রণালয় জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং পর্যায়ে আট বিভাগের ১ লাখ ১২ হাজার ৯৪ টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করার পদ্ধতির মাধ্যমে ৭৭ হাজার ৮৯৪ জন নারীকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচন করা হয়। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৪ হাজার ২৯৫টি খানা ভাতার আওতায় এসেছে।

বৈঠকে আরো জানানো হয় আগামী ডিসেম্বরের মধ্যে সব খানার তথ্য সংগ্রহ ও উপকারভোগী নির্বাচন শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬ খানার তথ্য সংগ্রহ শেষ হয়েছে। তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য প্রশিক্ষণ শেষে তথ্য সংগ্রহের কাজে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত করা হয়েছে। তথ্য সংগ্রহকারীরা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে সরজমিনে অনলাইনে তথ্য সংগ্রহের জন্য মাঠপর্যায়ে প্রয়োজনীয় ৬৬ হাজার ৮১৫টি ট্যাব সরবরাহ করা হয়েছে। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে।

মন্ত্রণালয় জানায়, উপকারভোগীদের একাউন্ট খোলা, কার্ড প্রস্তুত ও ব্যাংকিং সেবা দেওয়ার জন্য রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও কৃষি ব্যাংক এবং বেসরকারি পূবালী ব্যাংককে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিমকার্ড সরবরাহ, ইন্টারনেট সেবা প্রদান এবং ডিভাইস সিকিউরিটি দেওয়ার জন্য ৫৬ টি জেলায় গ্রামীণফোন এবং চট্টগ্রাম বিভাগের ৮টি জেলাসহ কুমিল্লা ও চাঁদপুর সদর উপজেলায় রবি আজিয়াটার মধ্যে কর্ম এলাকা ভাগ করে দেওয়া হয়েছে।

চলতি অর্থবছর নতুন ৪০ লাখ নারী পরিবার প্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করার পরিকল্পনা করছে সরকার। পরীক্ষামূলক পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে গত সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে। পর্যায়ক্রমে আনুমানিক ৪ কোটি ১০ লাখ খানাকে (পরিবার) এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

এই কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং টাকা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয় ফ্যামিলি কার্ড প্রকৃত উপকারভোগীকে দেওয়ার জন্য প্রয়োজনে একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা আছে।

বৈঠকে মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা এবং পিছিয়ে থাকা প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় কমিটি। কমিটি সমাজসেবা অধিদপ্তরের জেলা, উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনে নির্দেশনা দেয়। সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা গেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেয়। বৈঠকে মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কার্যক্রম সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী এবং সংসদ সদস্যকে অবহিত করার সুপারিশ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

[daily_salat_times]